ধেয়ে আসছে বন্যা, শেরপুর, নেত্রকোণা ও সিলেটে বন্যার আশঙ্কা
২৪ ঘণ্টার মধ্যে শেরপুর, নেত্রকোণা ও সিলেটে বন্যার আশঙ্কা
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোণা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পানির ঢল এবং স্থানীয় ভারী বৃষ্টিপাতের কারণে এ পরিস্থিতি তৈরি হচ্ছে।
মঙ্গলবার (২০ মে) এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
তিনি জানান,
“আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব জেলার বিভিন্ন নদ-নদীতে পাহাড়ি ঢল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে একনাগাড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রম করতে পারে।”
শেরপুরে গত চার দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত চলছে, যার ফলে জেলার নদ-নদীর পানির স্তর দ্রুত বাড়ছে।
শেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলার চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গত রাত ১০টায় ছিল ৩৯ সেন্টিমিটারের ওপরে।
পাউবো আরও জানায়, মঙ্গলবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের ফলে নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে।
পরিস্থিতির অবনতি হলে শীঘ্রই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

No comments
ধন্যবাদ।