১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিট (মানবিক শাখা) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে এ ফল প্রকাশিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৪৬.৭৯ শতাংশ উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল gstadmission.ac.bd ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে জানা যাবে।
গত ৩ মে (শুক্রবার) দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৭২ হাজার ৬২ জন শিক্ষার্থী অংশ নেন।
এর আগে ‘সি’ ইউনিটের (বাণিজ্য শাখা) ফল ২৮ এপ্রিল প্রকাশিত হয়। ওই ইউনিটে আবেদন করেছিলেন ২৩ হাজার ৬৪ জন। অন্যদিকে ‘এ’ ইউনিট (বিজ্ঞান শাখা)-এ আবেদন করেছেন ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন শিক্ষার্থী।
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়:
ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

No comments
ধন্যবাদ।