চিকিৎসা শেষে দেশে ফেরার পথে খালেদা জিয়া
চার মাস চিকিৎসা শেষে দেশের পথে খালেদা জিয়া
চার মাসের চিকিৎসা শেষ করে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
সোমবার (৫ মে) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
বিদায়ের সময় হিথ্রো বিমানবন্দরে উপস্থিত ছিলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা এবং যুক্তরাজ্য বিএনপির বহু নেতাকর্মী।
যাত্রাপথে কাতারে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নিয়ে যাওয়া হবে তাকে।
এর আগে ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে সেই একই বিশেষ বিমানে দেশে ফিরছেন তিনি।
বিএনপি সূত্র জানিয়েছে, নেত্রীকে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অভ্যর্থনার নির্দেশ দিয়েছেন।

No comments
ধন্যবাদ।