বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ায় এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। মালয়েশিয়া সফররত আসিফ নজরুল বলেন, “আগামী কয়েক মাসের মধ্যেই মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে এবং বাংলাদেশকে তারা সবচেয়ে অগ্রাধিকার দেবে।”
তিনি জানান, মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে সব রিক্রুটিং এজেন্সিকে শ্রমিক পাঠানোর সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ ছাড়া, অন্যান্য দেশের মতো বাংলাদেশের শ্রমিকদের মাল্টিপল ভিসা সুবিধা দেওয়ার বিষয়টিও দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
আসিফ নজরুল বলেন, “গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় যে শ্রমিকেরা যেতে পারেননি, তাদের জন্য নতুন করে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রথম ব্যাচে ৭,৯২৬ জনের তালিকা চূড়ান্ত হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তারা মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন।”
তিনি আরও জানান, অনিয়মিত (ইরেগুলার) শ্রমিকদের বৈধতা দেওয়ার (রেগুলারাইজেশন) প্রস্তাবও দেওয়া হয়েছে। যদিও ভিসার মেয়াদোত্তীর্ণদের ক্ষেত্রে তা সম্ভব নয় বলে মালয়েশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তবে যেসব ক্ষেত্রে মালিকপক্ষের গাফিলতিতে সমস্যা হয়েছে, সেগুলোর সমাধানে সরকার কাজ করবে বলে আশ্বস্ত করা হয়েছে।

No comments
ধন্যবাদ।