আইপিএলে মোস্তাফিজ ও পিএসএলে সাকিব
অনাপত্তিপত্র হাতে পেয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। এখন দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ পেলেই দেখা যাবে তাঁকে এবারের আইপিএলে। আর সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেশ উজ্জ্বল, কারণ মিচেল স্টার্ক না থাকায় মোস্তাফিজই এখন দিল্লির একমাত্র বাঁহাতি পেসার।
দিল্লি ক্যাপিটালসের গ্রুপ পর্বে বাকি আছে আর তিনটি ম্যাচ। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দলটি বর্তমানে পয়েন্ট তালিকার ৫ নম্বরে। প্লে-অফে ওঠার সম্ভাবনা তাই বেশ ভালো। বাকি তিন ম্যাচ যদি দিল্লি জিতে, তাহলে কোনো জটিল সমীকরণ ছাড়াই সরাসরি প্লে-অফ নিশ্চিত হবে। তাই প্রতিটি ম্যাচই এখন দিল্লির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, দেখা যাক সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের সূচি। পিএসএলে লাহোরের আর মাত্র একটি ম্যাচ বাকি—১৮ মে, পেশোয়ার জালমির বিপক্ষে। কার্যত সেটিই কোয়ার্টার ফাইনাল। জিতলে প্লে-অফ, হারলে বিদায়। তাই সাকিবের জন্যও সেই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ।
যদি লাহোর প্লে-অফে উঠে, তাহলে সাকিবের ম্যাচ সংখ্যা বাড়বে। একইভাবে দিল্লি যদি আইপিএলের প্লে-অফে যায়, মোস্তাফিজের খেলাও বাড়তে পারে। তবে সামনে পাকিস্তান সিরিজ থাকায় বিসিবি মোস্তাফিজের অনাপত্তিপত্রের মেয়াদ বাড়াবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য—আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ চ্যানেলে। আর পিএসএলে সাকিবের লাহোর কালান্দার্সের খেলা সম্প্রচার করবে নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস।

No comments
ধন্যবাদ।