Header Ads

Header ADS

ক্যানসার! মারণ রোগের চিকিৎসায় পথ দেখাচ্ছে ভারত

ক্যানসার

আমাদের দেশে ক্যানসার চিকিৎসার সবচেয়ে বড় সমস্যা হলো সময়মতো সঠিকভাবে রোগ শনাক্ত না হওয়া। তবে এবার সেই সমস্যার সমাধান আসতে চলেছে। বিজ্ঞানীরা এমন একটি রক্ত পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করেছেন, যা অগ্ন্যাশয়, ফুসফুস, ডিম্বাশয়সহ মোট ৩০ ধরনের ক্যানসার নির্ণয় করতে সক্ষম। উল্লেখযোগ্য বিষয় হলো—এই পরীক্ষার নির্ভুলতার হার গড়ে প্রায় ৯৮.৪ শতাংশ। গবেষণার প্রথম ধাপের ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে Cancer Reports জার্নালে।

ভারতের নাসিকের এইচসিজি মানবতা ক্যানসার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং সার্জিকাল অঙ্কোলজি ও রোবোটিক সার্ভিসেস বিভাগের প্রধান অধ্যাপক ড. রাজ নাগারকর The Indian Express–কে জানান, এই রক্ত পরীক্ষাটি ক্লিনিকাল ট্রায়ালের প্রথম ধাপেই ধারাবাহিকভাবে উচ্চ সংবেদনশীলতা দেখিয়েছে। এতে মেশিন লার্নিং চালিত এক অভিনব সিরাম মেটাবোলোম-ভিত্তিক ডায়াগনস্টিক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে, যা ক্যানসার-সম্পর্কিত নির্দিষ্ট মেটাবলিক সিগনেচার শনাক্ত করতে পারে।

২০২১ সালে শুরু হওয়া এই ট্রায়াল চালানো হয় কলকাতা, বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া, গুয়াহাটি এবং সিঙ্গাপুরের ছয়টি হাসপাতালে। পরীক্ষা এমন সব মেটাবলাইট শনাক্ত করতে পারে, যেগুলো শরীরের ভেতরে ক্যানসার হওয়ার প্রাথমিক পর্যায়ে পরিবর্তিত হয়। ফলে এটি প্রাথমিক স্তরের ক্যানসার শনাক্তে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

মেটাবোলোমিক্স একটি গবেষণাভিত্তিক শাখা, যা শরীরের ছোট ছোট অণু যেমন চিনি, চর্বি ও অ্যামিনো অ্যাসিড বিশ্লেষণ করে রোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ সনাক্ত করতে সাহায্য করে। এই পরীক্ষায় উচ্চ-রেজোলিউশন ম্যাস স্পেকট্রোমেট্রি প্রযুক্তি ব্যবহার করে রক্তের সিরাম বিশ্লেষণ করা হয়, এবং তথ্য বিশ্লেষণ করে PredOmix Technologies–এর সহযোগিতায় তৈরি একটি ক্যানসার শনাক্তকরণে সক্ষম মালিকানাধীন AI অ্যালগরিদম—CDAI।

গবেষণা অনুযায়ী, পরীক্ষাটি রক্তে প্রায় ৮,০০০টিরও বেশি মেটাবোলাইট বিশ্লেষণ করে একটি নির্ভরযোগ্য প্রোফাইল তৈরি করে। এতে ৬,৪৪৫ জন অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ২,৮৩১ জন ছিলেন ক্যানসার রোগী। বয়স ছিল ২০ থেকে ৮০ বছরের মধ্যে। এই ক্লিনিকাল ট্রায়ালে পরীক্ষাটি স্টেজ ১–৪ পর্যন্ত ক্যানসার নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে। বিশেষ করে স্টেজ ১ ক্যানসার নির্ণয়ে ৯৮.৯ শতাংশ নির্ভুলতা দেখা গেছে।

ড. রাজ নাগারকর জানান, পরবর্তী ধাপে এই ট্রায়ালে ৫,০০০ নারী অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এই আবিষ্কার ক্যানসার নির্ণয় ও চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে অনেক সময় রোগ নির্ণয়ের আগেই মূল্যবান সময় হারিয়ে যায়।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.