এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে নয়, কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, তিনি আগামী ৫ মে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। তবে, ওইদিন ঠিক কখন তিনি পৌঁছাবেন—এখনও তা চূড়ান্ত হয়নি।
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে শেষ মুহূর্তে এই পরিবর্তিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
ঢাকায় ফিরে তিনি তার গুলশানের বাসভবন "ফিরোজা"তে উঠবেন বলে জানা গেছে, এবং সে অনুযায়ী বাড়িটি প্রস্তুত করা হয়েছে।
খালেদা জিয়ার আগমনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়েছে। গত সপ্তাহে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে একটি চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই সরকার লন্ডন ও দোহায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করে।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, খালেদা জিয়া বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে লন্ডন-সিলেট হয়ে ঢাকায় ফিরবেন এবং তার সঙ্গে দুই পুত্রবধু—ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান—ফিরবেন।
বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিএনপি।

No comments
ধন্যবাদ।