সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকবে চীন।
বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিস) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, “চীন সবসময় সত্যের পক্ষে থাকবে। ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একইসঙ্গে উভয় দেশকে উত্তেজনা হ্রাসে একসাথে কাজ করতে হবে।”
তিনি আরও জানান, চলতি মাসের শেষের দিকে চীনের বাণিজ্যমন্ত্রী শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। ইয়াও ওয়েনের ভাষ্য, “এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল এর আগে বাংলাদেশে আসেনি। এটি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে।”
বাংলাদেশে চীনের আগ্রহ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “স্থিতিশীলতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তবে সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে চীন মন্তব্য করতে চায় না।”
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, “চীন ও বাংলাদেশের সম্পর্ক শুধু ৫০ বছরের নয়, এই বন্ধন হাজার বছরের। চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
তিনি আরও বলেন, “চীন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কখনো হস্তক্ষেপ করেনি এবং সব রাজনৈতিক দলের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছে—এ দুটি দিকই দ্বিপাক্ষিক সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

No comments
ধন্যবাদ।