Header Ads

Header ADS

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে

ইউক্যালিপটাস ও আকাশমনি

পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে পরিচালিত বৃক্ষরোপণ কার্যক্রমে এখন থেকে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের পরিবর্তে দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে।

পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ অতিরিক্ত পরিমাণে মাটি থেকে পানি শোষণ করে, যা মাটির আর্দ্রতা হ্রাস করে এবং শুষ্ক বা মৌসুমী জলবায়ুর এলাকায় পরিবেশগত ক্ষতির কারণ হয়। এ ছাড়া এই গাছের পাতা থেকে নির্গত বিষাক্ত পদার্থ মাটির উর্বরতা কমিয়ে দেয়, ফলে আশপাশে অন্য কোনো গাছ জন্মাতে পারে না।

এ দুই গাছ স্থানীয় জীববৈচিত্র্যের জন্যও হুমকি, কারণ অনেক দেশি গাছ, পোকামাকড় ও পাখি এগুলিতে বাসা বাঁধে না কিংবা খাদ্য খুঁজে পায় না।

এই প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় দেশীয় প্রজাতির বৃক্ষরোপণে অগ্রাধিকার দিতে সকল সংস্থা ও নাগরিককে আহ্বান জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.