বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি গঠন
অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয়ের কাজ এবং উভয়ের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব পৌঁছে দিতে গঠণ করা হয়েছে লিয়াজোঁ কমিটি।
‘নতুন বাংলাদেশ’ এর রাজনৈতিক পরিবেশের বন্দোবস্ত, অন্তর্বতীকালীন সরকারের রূপরেখা নির্ধারনে কাজ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত এই লিয়াজোঁ কমিটি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম এ কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিয়াজোঁ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। ৬ সদস্যের লিয়াজোঁ কমিটির সদস্যরা হলেন মাহফুজ আলম, নাসির উদ্দিন পাটেয়ারী, আরিফুল ইসলাম আদিব, ভূইয়া আসাদুজ্জামান, আকরাম হোসাইন ও মামুন আব্দুল্লাহ। তবে এ কমিটি পরবর্তীতে আরো বর্ধিত করা হবে বলে জানান নাহিদ।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, এই সরকারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছিল এবং তারা কাজটি করেছে। ৫ আগস্ট সংবাদ সম্মেলনে অভ্যুত্থান-পরবর্তী ছাত্র-জনতার সরকারের রূপরেখা ও অন্তর্র্বতীকালীন সরকারের অংশীজন নির্ধারণে মাহফুজ আলমকে সমন্বয়ক করে লিয়াজোঁ কমিটি প্রস্তাবিত হয়। লিয়াজোঁ কমিটির সদস্যরা রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের সঙ্গে কথা বলে দেশে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট ছিলেন। এ ছাড়াও অন্তর্র্বতী সরকারের অংশীজন নির্ধারণে উচ্চ অংশীজনের সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের কাছে অংশীজনের নাম প্রস্তাব করেন।
তিনি বলেন, কমিটি আগামী বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্ত সকল অংশীজনের সাথে সংলাপ ও প্রস্তাবনার কাজ করবে। উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী লিয়াজোঁ কমিটির কাজের পরিধি বর্ধিত হবে।
তিনি আরো বলেন, কমিটির সদস্য সংখ্যা সকল দলমতের সঙ্গে সংলাপের ভিত্তিতে আরও বর্ধিত এবং অন্তর্ভুক্তিমূলক হবে। লিয়াঁজো কমিটি আমাদের কাছে যে প্রস্তাবনাটি করেছিলেন সেটি আমরা ড. মুহাম্মদ ইউনূসের সামনে পেশ করেছি। তিনি এতে সম্মত হয়েছেন।
লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ রাষ্ট্রের যত অংশীজন আছে সবার সঙ্গে আলাপ পরামর্শ,ডিবেট এবং ডায়ালগের ভিত্তিতে প্রস্তাবনা হাজির করা লিয়াজো কমিটির কাজ। এক্ষেত্রে সরকার নাগরিক সমাজ এবং ছাত্র আন্দোলনের মধ্যে একটা সমন্বয় হিসেবে কাজ করা, সমন্বয় করা।
No comments
ধন্যবাদ।