Header Ads

Header ADS

দেবের বিপরীতে কে?

 কলকাতার নায়ক দেবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবির নাম ‘প্রতীক্ষা’। অতনু রায় চৌধুরীর প্রযোজনায় এটি পরিচালনা করবেন অভিজিৎ সেন। সব কিছু ঠিক থাকলে সিনেমার শুটিং শুরু হবে নভেম্বরে।



দেব-অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী এর আগে দর্শকদের উপহার দিয়েছেন ‘টনিক, ‘প্রজাপতি’, ‘প্রধান’ সিনেমা। কলকাতার বাংলা ছবির সফলতম ত্রয়ীর চতুর্থ সিনেমা হতে যাচ্ছে ‘প্রতীক্ষা’।



‘প্রতীক্ষা’ পারিবারিক ছবি। ‘প্রজাপতি’র পর এখানেও মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের। তবে গল্পের নায়ক-নায়িকা দেব-ফারিণ।


ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শক তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত। ‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল। অতনু ঘোষের ছবি ‘আরও এক পৃথিবী’তেও অভিনয় করেছিলেন তাসনিয়া।


পরিচালক অভিজিতের কথায়, ‘তাসনিয়াকে অতনু রায় চৌধুরীই নির্বাচন করেছেন। আমারও খুব ভাল লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।’


তবে ছবির কাহিনী খোলসা করেননি নির্মাতারা। পরিচালক জানান, ছবির গল্প চূড়ান্ত। এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। ‘প্রতীক্ষা’র চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস। অতনুর প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করতে এখনও দেখা যায়নি অভিজিৎকে।


‘প্রতীক্ষা’র শুটিং শুরু হবে নভেম্বর মাসে। ছবির সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও কিছু অংশের শুট হবে। বেঙ্গল টকিজের ছবি সাধারণত শীতের ছুটিতে মুক্তি পায়। তবে এ বার তা হচ্ছে না।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.