Header Ads

Header ADS

ড. ইউনূসের সঙ্গে কাজ করতে ‘প্রস্তুত’ যুক্তরাষ্ট্র

 শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টাসহ এই সরকারে আছেন ১৭ জন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ ১৩ জন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।



বাংলাদেশের নতুন অন্তর্র্বতীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (৮ আগস্ট) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।


ম্যাথু মিলার বলেন, ‘সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি। অন্তর্র্বতীকালীন সরকার ও ড. ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই আমরা অন্তর্র্বতীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।’



মিলার আরও বলেন, অন্তর্র্বতী সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে, এবং আমাদের চার্জ ডি’অ্যাফেয়ার্স আজ তার (ড. ইউনূস) শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমি জানি না শপথ গ্রহণের অনুষ্ঠানে তিনি তার (ড. ইউনূস) সাথে কথা বলেছিলেন কিনা, তবে তিনি সেখানে উপস্থিত ছিলেন।


জানা গেছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক হেলেন লা ফাভে। তিনি উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, অন্তর্র্বতী সরকার বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা তৈরি করবে এবং আমরা এটিই দেখতে চাই।


গণআন্দোলন ও জনরোষের মুখে পদত্যাগ করে ৫ অগাস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সাংবিধানিক সংকটের মধ্যে বৃহস্পতিবার রাতে গঠন করা হয় অন্তর্র্বতীকালীন সরকার। সংবিধানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বতী সরকার গঠনের সুযোগ না থাকলেও নতুন নির্বাচনের প্রয়োজনে অন্তর্র্বতীকালীন সরকার গঠন হয়েছে। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.