দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা
বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কল-কারখানা আজ মঙ্গলবার সকাল থেকে খোলা থাকবে। একই সঙ্গে স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানও। এক বিজ্ঞপ্তিতে গতকাল ৫ আগস্ট রাতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কল-কারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে গত ১৬ জুলাই সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। এ নিয়ে ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের কাছে চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। চিঠিতে বলা হয়, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং কলেজ, অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিতে বলা হয়েছে।’
এর আগে ওই দিনই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
No comments
ধন্যবাদ।