বাংলাদেশ
কবি--সোম রায়চৌধুরী
হাল ছেড়ো না ,শক্ত হাতে
পাল তুলে দাও নতুন ভোরে
সকাল হবে তোমার আমার
বাংলা ভাষার গানের জোরে
যার যা খুশি বলুক ওরা
সম্ভবে বা অসম্ভবে
জোয়ার জলে আনবো তুফান
জয়ী তোমায় হতেই হবে !
মাঝিভাই নৌকো চালাও
ডর করিনা আগুন খেকো
আমরা সবাই রাত্রি জাগর
ভোরের আজান তোমরা লেখ
যে বুক ভরে ডুব সাঁতারে
মেঘনা থেকে পদ্ম আনে
সটান সে বুক যেমন চাবুক
পাল্টে যাবে জোর নিশানে
রাষ্ট্র বোঝে ছাত্র মানেই
বর্ণমালা সহজ পাঠে
তোমার ভাষার তোতাপাখি
একটিও নেই এ তল্লাটে
ঝাঁকে ঝাঁকে উড়ছে পাখি
ফেলছে আগুন সময় বাঁকে
ঘুরলে হাওয়া উলটো স্রোতে
মুখ দেখাবে কোথায় ,কাকে ?
হাল ছেড়ো না ,শক্ত হাতে
পাল তুলে দাও নতুন ভোরে
যতই ভাঙো বুকের খাঁচা
ফুটবে বকুল ওই পাঁজরে
No comments
ধন্যবাদ।