Header Ads

Header ADS

ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী দেব

 ভারতের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বড় ব্যবধানে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন অভিনেতা-সংসদ সদস্য দেব। গণনার দিন সকাল থেকেই দেব ছিলেন ঘাটালে। আর রুক্মিণী কলকাতায়। তবে জয়ের খবর আসতেই দেবকে শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণী। 



অভিনেত্রী বললেন, এটা আমার দেখা সব থেকে দীর্ঘ সময় ধরে নির্বাচন। সেখানে ৩ মাস দেব নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তার ফলও পেয়েছে। আমি ওর জন্য অত্যন্ত খুশি।


মঙ্গলবার ঘাটালের ফলাফল প্রকাশ্যে আসার পরেই রুক্মিণী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, বাঘের কব্জায় একটি হরিণ। ঘাটালে দেবের বিরুদ্ধে নির্বাচনে লড়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ। রুক্মিণীর পোস্ট করা ছবি দেখে অনুরাগীদের একাংশ বলতে শুরু করেন, দেবকে শুভেচ্ছা জানাতেই রুক্মিণীর ওই পোস্ট। প্রসঙ্গ উঠতেই রুক্মিণী অবশ্য হেঁয়ালি জিইয়ে রাখলেন। হেসে বললেন, কেন, খুব দ্রুত ‘বাঘা যতীন’ ছবিটা টিভিতে প্রিমিয়ার হবে। আমি ছবিটার অন্যতম প্রযোজক। সেই জন্যই ছবিটা পোস্ট করেছি।


অন্যদিকে রুক্মিণীর পর মঙ্গলবার দেবও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, একটি বাঘ ও হরিণের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। সঙ্গে দেব লেখেন, ঠিক আছে... ভালোবাসা ঘৃণার থেকে বড়।


প্রশ্ন উঠছে, তারা কি একসঙ্গে আলোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন? রুক্মিণী হেসে বললেন, না, না! দুজনেই এতটা ব্যস্ত, অত কিছু ভাবার সময় থাকে না।


মঙ্গলবার রুক্মিণীর সারা দিন কেটেছে তার আসন্ন ছবি ‘বুমেরাং’-এর প্রচারে। কিন্তু তার ফাঁকেই নজর রেখেছিলেন ভোটের গণনার দিকে। রুক্মিণী বললেন, আমার মনে হয়, দেশের সব নাগরিকই এ দিনটায় কাজের ফাঁকে নির্বাচনের ফলাফলের দিকে চোখ রেখেছিলেন। ৪ জুন ভারতের একটা ঐতিহাসিক দিন হিসেবে রয়ে যাবে। 


রুক্মিণী বলেন, নির্বাচনে হার বা জিত লেগেই থাকবে। কিন্তু যারা এই নির্বাচনে লড়েছেন, প্রচণ্ড গরমে প্রচার করেছেন, যারা ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।


তবে দেবের জয় নিয়ে রুক্মিণীর বিশেষ উপলব্ধিও হয়েছে। অভিনেত্রী বললেন, দলের একজন সদস্য হিসাবে তো ও জিতেইছে, পাশাপাশি আমার মনে হচ্ছে, মানুষ হিসাবে দেব আরও বড় আকারে জনতার হৃদয় জিতে নিয়েছে।


নির্বাচনে জনগণের মধ্যে রাজনৈতিক দল নিয়ে মতপার্থক্য থাকে। কিন্তু রুক্মিণীর কথায়, কেউ কোনো দলের জয় চাইতেই পারেন, কিন্তু দেবের ক্ষেত্রে আমার মনে হয়, প্রত্যেকেই একজন ভাল মানুষ হিসাবে ওর জয় চেয়েছিল।


নির্বাচন শেষ কিন্তু দেব শহরে ফিরলে কী ভাবে এই জয়কে উদ্যাপন করতে চান রুক্মিণী? অভিনেত্রী হেসে বললেন, সত্যিই, এ বার দেবের দিক থেকে আমরা বড় পার্টির অপেক্ষায় রয়েছি। কিন্তু সেটা কবে বা কী ভাবে, তা এখনও জানি না। ও আগে কাজের ব্যস্ততা সামলে নিক। তার পর সকলে মিলে উদ্যাপন করা যাবে।


আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে রুক্মিণীর নতুন সিনেমা। তাই অভিনেত্রীর আশা, সিনেমাটা যাতে সফল হয়, সে দিকেই তাকিয়ে রয়েছি। আর ‘বুমেরাং’-এর সাফল্য উদ্যাপনের জন্যও মুখিয়ে রয়েছি।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.