Header Ads

Header ADS

দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর কবিতা

 বিরহী সরোদ



ক্ষয়ে ক্ষয়ে অক্ষয় হতে গিয়ে

পাথর সময়ের তিরবিদ্ধ হয়েছি

দহনের রঙ কী কিংবা অনুতাপের অনুভূতি

এমন প্রশ্নে বুকের ভেতর আকাশ ভেঙে পড়েছে বারবার।


কষ্টকে যতেœ রাখি, কী ভীষণ আকুলতায়

অসুখের মাঝেও নিত্যসুখ খুঁজি

পাঁজরের ভাঁজে ভাঁজে শুধুই বেদনার সংসার

নোনা জলের প্লাবনে সিক্ত দীর্ঘশ্বাস।


প্রাণের জন্য প্রাণ দেওয়া কঠিন কিছু নয়

বরং প্রাণ দেওয়ার জন্য প্রাণ খুঁজে পাওয়াই কঠিন

আনন্দের গোপন উৎস খুঁজতে গিয়ে

জন্মান্ধের কাতরতা নিয়ে ফিরে এসেছি।


কেবলই স্বপ্নের দুকূল ভাঙে দুঃস্বপ্ন

হৃদয় গহিন তলে শুধুই যেন বিষবাষ্প

ঋণাত্মক থেকে ধনাত্মক হতে গিয়ে পৌঁছেছি শূন্যে

তরমুজের ফালির মতো এক চিলতে রোদ্দুরের আকাঙ্ক্ষায় বয়স বাড়ে।


চারদিকে অবসাদের দেয়াল

শরীরের রন্ধ্রে রন্ধ্রে বঞ্চনার কালো দাগ

আগুনের ঘ্রাণ নিয়ে বেঁচে আছি বহুকাল

তুমি যাও, এবার মৃত্তিকায় ডুব দেব।


ইচ্ছেগুলো বিনাশীদের হাওয়ায় উড়ে যায়

নিঃশব্দ-নির্জনে কাঁদে বিরহী সরোদ

জানতে বড় সাধ জাগে, বড় সাধ

নিজেকে কতটা শূন্য করে অন্যকে পূর্ণ করা যায়?

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.