সোশ্যাল মিডিয়া মার্কেটিং
বর্তমানে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে পরেছে। আমাদের অবসর সময়ের সিংহভাগ সময়ই আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে কাটিয়ে থাকি৷ আমাদের বিভিন্ন পোস্ট করা কনটেন্ট মার্কেটিং এর উদ্দেশ্যে প্রচার ও প্রসার করার জন্য যখন আমরা সোশ্যাল মিডিয়া কে ব্যবহার করি তখন সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে।
সোশ্যাল মিডিয়ার এই ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরাও আজকাল এটিকে তাদের ব্যবসার প্রচার-প্রচারণার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন ৷ আজকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী এবং এর গুরুত্ব এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানবো।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী?
সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানতে হলে সর্বপ্রথমে আমাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আসলে কী বোঝায় তা ভালো মতো বুঝতে হবে। সহজ ভাষায় বললে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং কৌশল যেখানে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম বা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্সটাগ্রাম সহ অন্যান্য প্লাটফর্মগুলো ব্যবহার করে সেখানে থাকা অডিয়েন্সদের লক্ষ্য করে কোনো ব্যবসা, সেবা বা পণ্যের প্রচার-প্রচারণা চালানো হয়।
যেমন ধরুন, আপনি একজন নতুন উদ্যোক্তা আর আপনি হেডফোন নিয়ে কাজ করছেন৷ এখন আপনি আপনার ব্যবসার প্রচার-প্রচারণার মাধ্যম হিসেবে ফেসবুককে বেছে নিয়েছেন৷ অর্থাৎ, সেখানে থাকা ভিজিটরদের লক্ষ্য করে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন৷ এখন আপনার কাজ হচ্ছে আপনার ব্যক্তিগত প্রোফাইল বা ব্যবসায়িক পেইজ থেকে আপনার ব্যবসা, পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে জানানো এবং সেগুলোর প্রচার-প্রচারণা করা। এই যে ফেসবুক ব্যবহার করে আপনি মার্কেটিং করছেন, এই ধরনের মার্কেটিংই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং৷ আপনি যদি ভালো মতো প্রচার-প্রচারণা করতে পারেন তাহলে আজ যিনি ভিজিটর হিসেবে আপনার মার্কেটিংটি দেখছেন, কাল তিনি আপনার গ্রাহকে রূপান্তরিত হতে পারেন৷
সমীক্ষা মতে, বর্তমান বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে। তাই এটিকে বর্তমানে মার্কেটিংয়ের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।
সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রকারভেদ
সোশ্যাল মার্কেটিং কী সে সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রকারভেদ সম্পর্কে জানবো৷
সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূলত দুই ধরনের হয়ে থাকে, যথা :
- পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Paid Social Media Marketing)
- অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Organic Social Media Marketing)
পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং
পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং কৌশল যেখানে আপনি যে সেবা বা পণ্যের জন্য যে গ্রাহকদের কাছে পৌঁছাতে চান, সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে সে গ্রাহকদের কাছে পৌঁছে দিবে। বিনিময়ে তারা আপনার থেকে একটি নির্ধারিত অর্থ নিবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কৌশলগুলোর মধ্যে এটিই সবচেয়ে কার্যকরী। কারণ তারা আপনাকে ঠিক ঐ গ্রাহকদের কাছেই পৌঁছে দিবে, যারা ঐ সেবা বা অফারটি চায়৷ যার ফলে আপনার মার্কেটিং এবং পণ্য বিক্রি দুটোই অনেক সহজ হয়ে যায়।
অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং
এই ধরণের মার্কেটিংয়ে মার্কেটিংয়ের সাথে জড়িত সকল কাজ আপনার নিজেরই করতে হবে৷ কারণ এই ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়াগুলোকে কোনো অর্থ প্রদান করছেন না। যার ফলে আপনার টার্গেট কাস্টমার খুঁজে বের করা থেকে শুরু করে প্রচার-প্রচারণা চালানো সহ সবকিছুই আপনাকে নিজ থেকে করতে হবে। এই ধরণের মার্কেটিংকে ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিংও বলা হয়।
তবে এই মার্কেটিং কৌশলটির কার্যকারিতা পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের তুলনায় কিছুটা কম৷ কারণ এই ক্ষেত্রে টার্গেট অডিয়েন্স আপনাকে নিজ থেকেই খুঁজে বের করতে হয়। অনেক সময় কারা আপনার টার্গেট কাস্টমার সেটা সঠিকভাবে পরিমাপ করা কষ্টকর হয়ে যায়৷ আর তখন আপনার পণ্য বা সেবাটির বিক্রয় কতটুকু হবে সেটাও সহজে বোঝা যায় না। বাংলাদেশ ও বিশ্বের বড় বড় সোশ্যাল মিডিয়া মার্কেটাররা তাই পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পরামর্শ দেন।
No comments
ধন্যবাদ।