Header Ads

Header ADS

গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

 দেশের ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার (৩ মে) বি ইউনিটে মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটে মোট ৯৪ হাজার ৯৩১ পরীক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।



জিএসটি সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্নের জন্য ইতিমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে গুচ্ছভুক্ত যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে। বি ইউনিটে মানবিক বিভাগ থেকে আবেদন করা শিক্ষার্থীদের আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা–সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৭ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ।

যবিপ্রবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটরের পক্ষ থেকে জানানো হয়, বি ইউনিটে যবিপ্রবিতে আসন পড়েছে ৪ হাজার ১০ শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশক দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য সব ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ–কমিটির সদস্যরা, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্য স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও নির্বিঘ্নে এ ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অসংগতি পাওয়া যায়নি। আশা করি, এ ইউনিটের পরীক্ষার মতোই কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে সব কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখনো দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলমান। এ সময় শিক্ষার্থীদের সতকর্তা অবলম্বনের জন্য অনুরোধ করছি। একই সঙ্গে গুচ্ছভুক্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানাচ্ছি, ভর্তি পরীক্ষার্থীদের সুরক্ষায় আপনারা পরীক্ষাকেন্দ্রগুলোয় পর্যাপ্ত সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসাসামগ্রীর ব্যবস্থা রাখবেন।’

অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, গত ভর্তি পরীক্ষার মতোই কেন্দ্রগুলোয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত কেউই মুঠোফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। যদি কেউ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন বা অসদুপায় অবলম্বন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আমি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ নিজ নিজ এলাকার সব স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.