প্রধানমন্ত্রী আনু মুহাম্মদের সার্বক্ষণিক খোঁজ রাখছেন: স্বাস্থ্যমন্ত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও তেল, গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনু মুহাম্মদকে দেখতে এসে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তার চিকিৎসার সর্বোচ্চ যা করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব উনি আবার যেন উনার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন। পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত উনার অস্ত্রোপচার করা হবে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনু মুহাম্মদের চিকিৎসা বিষয়ে বোর্ড মিটিং শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ও ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং অন্য চিকিৎসকেরা। বোর্ড মিটিংয়ের পর ঢাকা মেডিক্যাল থেকে অধ্যাপক আনু মুহাম্মদকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়৷
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকের বলেন, পরীক্ষা-নিরীক্ষা এবং বোর্ডের মাধ্যমে তাঁর পরবর্তী চিকিৎসা চলবে। আমি রাতেই সিদ্ধান্ত নিয়েছি, উনার যে ইনজুরি, সেটার একটা কম্বাইন্ড অপারেশন দরকার। আর এজন্যই তাকে স্থানান্তর করা হয়েছে।
একটি স্মরণসভায় যোগ দিতে গত শুক্রবার দিনাজপুর গিয়েছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ। ঢাকায় ফেরার সময় রবিবার তিনি রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান এবং গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পায়ের আঙুলে অস্ত্রোপচার করার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
No comments
ধন্যবাদ।