যেভাবে কাটিয়ে উঠবেন চাকরি না পাওয়ার হতাশা
ভালোই তো চলছিলো ছাত্র জীবন। বন্ধুদের সাথে আড্ডা আর টিউশনি করে ভালোভাবেই কেটে যাচ্ছিলো দিনগুলো। পড়াশোনার পাট চুকিয়েই হলো বিপদ। চাকরি খুঁজতে খুঁজতে জীবন শেষ! ভালো রেজাল্ট, ভালো প্রতিষ্ঠানের সার্টিফিকেট থাকা স্বত্ত্বেও কোনো ভাবেই চাকরি মিলছে না। সাথে বন্ধুদের সাফল্য, আত্মীয়দের খোঁচা মারা কথা আর বাবা মায়ের চাপ তো আছেই। পড়াশোনা শেষ করার পরে সাথে সাথেই চাকরি পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালো সুযোগের জন্য মাঝে মাঝে কিছুটা অপেক্ষা করতে হয়। কিন্তু এই অপেক্ষা করার সময়টা বেকার যুবকদের জন্য বেশ কষ্টকর। কারণ নানান রকমের সামাজিক চাপে জীবনটা রীতিমত অতিষ্ট হয়ে ওঠে এবং হতাশায় ভরে ওঠে মন। জেনে নিন চাকরি না পাওয়ার হতাশা সামলে নেয়ার কিছু উপায়।
পরিবার ও আত্মীয়দের বোঝান
আপনার পরিবার ও আত্মীয়স্বজনদেরকে বুঝিয়ে বলুন যে আপনি ভালো সুযোগের অপেক্ষা করছেন। সেই সঙ্গে বলুন যে তাদের নেতিবাচক কথাবার্তা আপনার জীবনটাকে সুন্দর করার বদলে বিষিয়ে দিচ্ছে। আপনি হতাশায় ডুবে যাচ্ছেন তাদের নেতিবাচক কথার কারণে। আপনাকে নেতিবাচক কথা না বলে বরং উৎসাহ দিতে বলুন।
নিজের ভুল গুলো শুধরে নিন
আপনি ভেবে দেখুন আপনি কেন চাকরি পাচ্ছেন না। আপনার যদি বাচন ভঙ্গি বা উচ্চারণে সমস্যা থেকে থাকে তাহলে সেটার জন্য আলাদা কোর্স করুন। ইংরেজিতে দূর্বল হলেও সেটা কাটিয়ে তোলার চেষ্টা করুন। নিজের মনে আত্মবিশ্বাস গড়ে তুলুন। এতে আপনার হতাশা কাটবে এবং আপনি সফলতা পাবেন।
মেডিটেশন/কাউন্সেলিং
আপনার মন যদি একেবারেই ভেঙে গিয়ে থাকে এবং হতাশা আপনাকে একদমই জর্জরিত করে থাকে তাহলে আপনার প্রয়োজন কাউন্সেলিং অথবা মেডিটেশন। মেডিটেশন মনকে শান্ত করে তোলে। কাউন্সেলিং করলেও আপনি জীবন সম্পর্কে কিছুটা ইতিবাচক ধারণা পেতে পারেন।
ক্ষুদ্র থেকে বৃহৎ-এ যেতে হবে
আপনি যদি আপনার ক্যারিয়ারের শুরুতেই বেতন এবং প্রতিষ্ঠানকে ছোট মনে করে চাকরির সুযোগ হাতছাড়া করে ফেলেন তাহলে পরবর্তিতে পস্তাতে হবে। কারণ ছোটখাটো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাই আপনাকে বড় প্রতিষ্ঠানের জন্য যোগ্য করে তুলবে।
অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না
আপনার বন্ধুরা অনেক ভালো চাকরি পেয়ে গিয়েছে? একদম মন খারাপ করবেন না। আপনার জন্য আরো অনেক বড় কোনো সুযোগ অপেক্ষা করছে। ততদিন নিজেকে প্রস্তুত করে তুলুন। অন্যের সাথে নিজেকে তুলনা করলে হতাশা আরো বৃদ্ধি পাবে। তাই অন্যের সাথে নিজেকে তুলনা না করে বন্ধুদের সাফল্যে আনন্দ প্রকাশ করুন।
No comments
ধন্যবাদ।