Header Ads

Header ADS

আইপিএলে বেধড়ক পিটুনি, অশ্বিন বললেন ‘বোলারদের বাঁচান’

 আইপিএলকে ক্রিকেট বলে মনে না হওয়ার কথা গত মাসেই বলেছেন রবিচন্দ্রন অশ্বিন। টুর্নামেন্টের ব্যাপ্তি এত বড় যে মাঝেমধ্যে ক্রিকেটটাই ঢাকা পড়ে যায় বলে মনে করেন ভারতের এই স্পিনার।



তবে গতকাল রাতে ক্রিকেট ঢাকা পড়েনি। বরং সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড ও ছক্কাবৃষ্টিতে ক্রিকেটের বিজ্ঞাপনটাই বেশি করে চোখে পড়েছে। কিন্তু সেটা কি ইতিবাচক কোনো বিজ্ঞাপন? এই প্রশ্নটাই করা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রাতে অশ্বিনের কয়েকটি পোস্টের সূত্র ধরে।


আইপিএলে কাল কলকাতা নাইট রাইডার্সের ২৬১ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছে পাঞ্জাব কিংস। টি–টোয়েন্টি ম্যাচে রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ডের পাশাপাশি সর্বোচ্চ ৪২ ছক্কাও দেখা গেছে এই ম্যাচে। দুই দলের বোলারদের ওপর দিয়েই রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। 


পাঞ্জাব যে ছয় বোলার ব্যবহার করেছে, তাঁদের মধ্যে শুধু রাহুল চাহারের ইকোনমি রেটই ১০–এর নিচে। কলকাতা ৭ বোলার ব্যবহার করেছে। তাঁদের মধ্যে সুনীল নারাইনই ১০–এর নিচে ইকোনমি রেট রাখতে পেরেছেন। শুধু এই ম্যাচ নয়, এবারের আইপিএলে প্রায় সব ম্যাচেই বেধড়ক পিটুনি খাচ্ছেন বোলাররা। ওভারপ্রতি গড়ে ৯.৪৯ রান করে দিয়েছেন বোলাররা—পরিসংখ্যানটি এবারের আইপিএলের। এবার দলগুলো আড়াই শ রানের কোটাই ছুঁয়েছে ৭ বার!


বোলারদের পরিস্থিতিটা বুঝতে পেরেই তাঁদের পাশে দাঁড়িয়েছেন অশ্বিন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ গতকাল রাতে পোস্ট করেন, ‘অনুগ্রহ করে কেউ “বোলারদের বাঁচান”।’ অশ্বিন কথাটা লেখার পাশাপাশি ‘এসওএস’ শব্দটিও তিনবার লিখেছেন। এই ইংরেজি শব্দের অর্থ—‘সেভ আওয়ার সোলস।’ অর্থাৎ আমাদের জীবন বাঁচাও। বিপদে পড়লে জীবন বাঁচাতে এই সংকেত ব্যবহার করা হয়।




No comments

ধন্যবাদ।

Powered by Blogger.