কন্টেন্ট মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে কন্টেন্ট মার্কেটিং বলতে কী বোঝায়। একদম সহজভাবে বললে, আপনার ব্যবসা, পণ্য বা সেবা বা ব্র্যান্ডের প্রচার ও প্রসারের জন্য আকর্ষণীয় কন্টেন্ট তৈরির মাধ্যমে তা টার্গেট অডিয়েন্স বা গ্রাহকের কাছে পৌঁছানোর প্রক্রিয়াই হলো কন্টেন্ট মার্কেটিং। অর্থাৎ, আপনার পণ্য বা সেবা সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আকর্ষণীয় কন্টেন্ট বানিয়ে তা গ্রাহকের কাছে পৌঁছাতে যে মার্কেটিং করা হয়, তাকেই বলা হয় কন্টেন্ট মার্কেটিং।
এখন কথা হচ্ছে এই যে কন্টেন্ট তৈরি করা, সেটা আসলে কী? এই কন্টেন্টটি হতে পারে কোনো আর্টিকেল, অডিও, ভিডিও ইত্যাদি । ধরুন আপনি আপনার পণ্য বা সেবার প্রচারের জন্য একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করলেন যেখানে আপনি আপনার সেবা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দিয়েছেন। এটিকে বলা হয় ভিডিও কন্টেন্ট। আবার একই কাজটি যদি আপনি কোনো অডিও প্রকাশ করে সেটির মাধ্যমে করেন তখন তাকে বলা হয় অডিও কন্টেন্ট৷
আর এই কন্টেন্ট গুলো যখন আপনি কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো প্লাটফর্মে প্রকাশ করবেন তখন তা অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে। ফলে মানুষ সেটির ব্যাপারে জানতে পারবে। আপনি যদি আপনার উপস্থাপনা ও সৃজনশীলতা দিয়ে গ্রাহকের মন জয় করে নিতে পারেন, তাহলে গ্রাহক আপনার সেবা নিতে উৎসাহিত হবে এবং আপনার কন্টেন্ট মার্কেটিংটি সফল হবে।
কন্টেন্ট মার্কেটিং কেন করবেন?
কন্টেন্ট মার্কেটিং কী সে সম্পর্কে আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কন্টেন্ট মার্কেটিং কেন করবো? আসলে, আপনি যেকোনো কিছুই প্রমোট বা প্রচার করুন না কেনো সেটার জন্য আপনার একটি সুন্দর এবং আকর্ষণীয় কন্টেন্ট প্রয়োজন হয়। ধরুন, আপনি সোশ্যাল মিডিয়াতে বা গ্রাহকের ইমেইলে আপনার পণ্যের প্রচারণা চালাতে চাচ্ছেন। সেক্ষেত্রেও আপনার একটি সুন্দর কন্টেন্ট প্রয়োজন হবে।
মানুষ ইদানীং বিজ্ঞাপন বা এডভার্টাইসমেন্ট দেখতে পছন্দ করেনা। অনেকে তো এটি থেকে মুক্তি পেতে এড ব্লকার সফটওয়্যারও ব্যবহার করে। ভুলে ক্লিক বা চাপ পরে না গেলে বেশিরভাগ মানুষই এই বিজ্ঞাপনগুলো এড়িয়ে চলে৷ তাই নিজেদের প্রচার ও প্রসারের জন্য ব্যবসায়িরা বিজ্ঞাপনের নতুন নতুন কৌশল খুঁজে থাকেন। আর তাদের এই সমস্যার যুগান্তকারী সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে কন্টেন্ট মার্কেটিং৷ এজন্য বর্তমানে কন্টেন্ট মার্কেটিংকে ডিজিটাল মার্কেটিংয়ের প্রাণ বলা হয়।
বর্তমানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদেরকে প্রায় সবসময়ই কন্টেন্ট মার্কেটিংয়ের আশ্রয় নিতে হয় কারণ:
- গ্রাহকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- আপনার পণ্যের বৈশিষ্ট্য, গুণাবলি বোঝাতে এবং কীভাবে তা গ্রাহকের বিভিন্ন চাহিদা পূরণ ও সমস্যার সমাধান করতে পারে এগুলো বোঝাতে কন্টেন্ট মার্কেটিংয়ের বিকল্প নেই।
- ভালো এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে পারলে আজকে যারা ভিজিটর হিসেবে আপনার মার্কেটিংটি দেখছে, কালকে তারা গ্রাহকে পরিণত হতে পারে।
- ইউটিউব ভিডিও, ইমেইল মার্কেটিং, বিজ্ঞাপনসহ প্রায় সবকিছুতেই আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য কন্টেন্টের প্রয়োজন হয়।
- কন্টেন্ট মার্কেটিং অনেক সাশ্রয়ী৷ এই ক্ষেত্রে আপনাকে খুবই কম বিনিয়োগ করতে হয়।
- আপনার পণ্য বা সেবার চাহিদা বাড়াতে এবং ব্র্যান্ড ভ্যালু বাড়াতে কন্টেন্ট মার্কেটিংয় অপরিহার্য ভূমিকা পালন করে৷
- সহজেই টার্গেট অডিয়েন্স নির্ণয় করা যায়৷
- নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা এবং বিশ্বস্ততা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে।
- আপনার পণ্য বা সেবার কথা দ্রুততম সময়ের মধ্যে অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে।
- এই সকল কারণে বর্তমানে ব্যবসায়ীদের জন্য কন্টেন্ট মার্কেটিং খুবই জরুরি হয়ে পরেছে৷
ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য।
ReplyDelete