জালাল ইউনুসের মন্তব্যকে সেরা জোকস বললেন কোচ সালাউদ্দিন
চলমান আইপিএলে খেলছেন মোস্তাফিজুর রহমান। চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আর তাই আইপিএলের মাঝপথে দেশে ফিরবেন ফিজ। আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, ওর থেকে অন্যরা শিখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বিসবির এই পরিচালকের এমন মন্তব্যকে সেরা জোকস বলে মন্তব্য করেছেন কোচ সালাউদ্দিন।
বুধবার (১৭ এপ্রিল) মোস্তাফিজ প্রসঙ্গে গণমাধ্যমে জালাল ইউনুস বলেন, 'মোস্তাফিজকে আমরা ১ তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। ২ তারিখ আসবে, ৩ তারিখ থেকে সে অ্যাভেইলেবল। মোস্তাফিজকে আইপিএল খেলে শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রসেস ওভার। বরং মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।'
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের এমন মন্তব্যের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে কোচ সালাউদ্দিন শিরোনামে অট্টহাসির ইমোজি দিয়ে লেখেন, 'এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না, বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা, সর্বকালের সেরা জোকস। আল্লাহ মাফ করো।'
No comments
ধন্যবাদ।