‘তুফান’-এ চঞ্চল চৌধুরী
আসছে রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা ‘তুফান’। গত বছরের শেষের দিকে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় এ সিনেমার। অভিনেতা শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী জুটির এই সিনেমা ঈদুল আযহায় মুক্তির প্রস্তুতি চলছে। মাঝে ঘোষণা দেয়া হয় এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা।
এবার তুফানের আরেকটি তথ্য নিয়ে হচ্ছে আলোচনা। অনেকেই বলছেন এ সিনেমার খল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আসলেই কি তাই? খোদ চঞ্চল জানালেন তিনি এ সিনেমায় আছেন একটি বিশেষ চরিত্রে।
তুফানে নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেন, ‘তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে।’
চরিত্রটি কেমন হতে পারে তা নিয়ে এখনই কিছু বলছেন না এ অভিনেতা। তবে এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘রায়হান রাফী এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেই সাথে শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের সাথে একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এত বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে।‘
‘তুফান’ প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান ‘তুফান’-এর আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। সিনেমাটির নাম ‘দম’। পরিচালনা করবেন রেদওয়ান রনি। ‘দম’ সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
পরিচালক রায়হান রাফীর এখন সময় যাচ্ছে সিনেমার শুটিংয়ের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। রাফী বলেন, ‘চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। তুফান-এ শাকিব ভাইয়ের সঙ্গে সঙ্গে উনাকে পাওয়াটা আমার জন্য আনন্দের।’
এসভিএফের ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন, ‘চঞ্চল চৌধুরীর সঙ্গে এর আগে ওটিটি কনটেন্টে কাজ হয়েছে। অনেকদিন ধরে তাকে নিয়ে বড় পর্দায় কাজের পরিকল্পনা ছিল। আমি নিশ্চিত তিনি তুফান-কে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন।’
আলফা-আই স্টুডিওজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘তুফানে শাকিব খান অন্যরকম, সম্পূর্ণ ভিন্নরূপে ধরা দেবে দর্শকদের সামনে। এমন একটি শক্তিশালী চরিত্রের বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করতে পারে এমন একজন শক্তিমান অভিনেতা দরকার ছিল আমাদের। আমি মনে করি, চঞ্চল ভাইয়ের কারণে চরিত্রটির প্রতি জাস্টিস হবে তাই তুফানে উনার সম্পৃক্ততা।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি আমাদের গর্ব। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তার কাজের সুখ্যাতি রয়েছে। তার সঙ্গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতা হয়েছে। তুফান সিনেমায় তার এ উপস্থিতি অন্যরকম মাত্রা যোগ করবে বলে আমি মনে করি।’
No comments
ধন্যবাদ।