জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে সমালোচনার সম্মুখীন হয়েছে সে দেশের শাসকগোষ্ঠী তালেবান। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে আফগানিস্তানের নারী ও মেয়েদের মানবাধিকার-বঞ্চিত করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সোমবার নারীদের প্রতি তালেবানের দৃষ্টিভঙ্গি আর আচরণ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে অনুষ্ঠিত একটি বৈঠকে এই অভিযোগ আনা হয়। খবর রয়টার্সের।
ওই ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বৈশ্বিক কোনো স্বীকৃতি না থাকায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এই বৈঠকে উপস্থিত থাকছে না আফগানিস্তানের বর্তমান শাসক। তবে পূর্ববর্তী মার্কিন-সমর্থিত সরকারের নিযুক্ত একজন রাষ্ট্রদূত তাদের প্রতিনিধিত্ব করবেন বলে জানানো হয়েছে। ওই সরকারকে ২০২১ সালে ক্ষমতাচ্যুত করেছিল তালেবান।
তালেবান শাসনের পর থেকে ‘হুমকি ও অপব্যবহারের বৃদ্ধির’ কথা উল্লেখ করে আফগানিস্তানে এলজিবিটিকিউ বা সমকামী ব্যক্তিদের অধিকার প্রচারের বিষয়েও আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন ছাড়াও বৈঠকে নারীদের প্রতি তালেবানদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে ব্রিটেন ও বেলজিয়ামও। এই বৈঠকে বিশে^র মোট ৭৬টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, তালেবান সরকার দাবি করেছে, তারা ইসলামিক আইনের ব্যাখ্যা অনুসারে নারী ও মেয়েদের অধিকারকে সম্মান করে থাকে।
No comments
ধন্যবাদ।