Header Ads

Header ADS

দেশের সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম _ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

দেশের সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম

দেশের সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে সাত দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (৬ আগস্ট) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম পরিচালনা করতে হবে। এর অংশ হিসেবে ট্রুপ ও ক্রু মিটিং নিয়মিতভাবে আয়োজন করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানরা ইউনিট গঠন, প্রশিক্ষণ এবং সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক প্রতিবেদন সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে পাঠাবেন। আঞ্চলিক অফিসগুলো এই প্রতিবেদন ১০ তারিখের মধ্যে ই-মেইলে (rovscout25@gmail.com) মাউশিতে প্রেরণ করবে।

স্কাউট/রোভার/গার্ল ইন স্কাউট তহবিল থেকে আদায়কৃত অর্থ প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট স্কাউট/রোভার লিডারের যৌথ স্বাক্ষরে উত্তোলন করতে হবে এবং সেটি শুধুমাত্র স্কাউট কার্যক্রমে ব্যয় করা যাবে। পাশাপাশি, শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত ফি সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা, জেলা স্কাউটস ও রোভার স্কাউটসকে নিয়মিত পরিশোধ করতে হবে।

রোভার লিডার বা স্কাউট লিডারকে এক বছরের পরিকল্পনা তৈরি করে গ্রুপ কমিটির অনুমোদন নিতে হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। এসব কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করবেন প্রতিষ্ঠান প্রধান।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো স্কাউট বা রোভার লিডার নেই, সেসব প্রতিষ্ঠানের প্রধানদেরকে দ্রুত জেলা বা আঞ্চলিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া, স্কাউট ও রোভারদের স্বেচ্ছাসেবক হিসেবে শিক্ষাঙ্গনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানরা স্কাউটিং কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে আঞ্চলিক অফিসে জমা দেবেন এবং আঞ্চলিক অফিস ফেব্রুয়ারি মাসের মধ্যে সেই প্রতিবেদন মাউশির উল্লিখিত ই-মেইলে প্রেরণ করবে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.