৬ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে দ্রুতই সাড়ে ৬ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া শুরু, বেতন স্কেলে উন্নয়ন
প্রধান উপদেষ্টা জানান, ইতোমধ্যে প্রধান শিক্ষকদের বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। পাশাপাশি সাড়ে ৬ হাজার পদে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে, যা অচিরেই বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিকাঠামো ও প্রযুক্তি উন্নয়ন
ড. ইউনূস বলেন, “সব প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বসানো হয়েছে। যেসব এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, সেখানে দ্রুত সংযোগ পৌঁছে দেওয়ার কাজ চলছে।” তিনি আরও জানান, নতুন স্কুল ভবন নির্মাণে নারী স্থপতিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা শিক্ষাব্যবস্থায় অংশগ্রহণমূলক উন্নয়নের প্রতিফলন।
তিনি জানান, প্রাথমিক শিক্ষায় পদ্ধতিগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সব স্কুলে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে, পার্বত্য চট্টগ্রামের অন্তত ১০০টি স্কুলে চলতি বছরের মধ্যেই ই-লার্নিং চালু হবে। প্রযুক্তির সহায়তায় ঢাকা ও চট্টগ্রামের অভিজ্ঞ শিক্ষকরা দূরবর্তী স্কুলগুলোতে পাঠদান করবেন, যা ওইসব অঞ্চলে শিক্ষক সংকট দূর করতে সহায়ক হবে।
বিস্তৃত শূন্যপদের চিত্র
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বর্তমানে মোট ৬৫ হাজার ৫০২টি অনুমোদিত প্রধান শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩১ হাজার ৩৯৬ জন। ফলে ৩৪ হাজার ১০৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ রয়েছে ২ হাজার ৬৪৭টি। সংরক্ষিত ১০ শতাংশ বাদ দিলে বাকি ২ হাজার ৩৮২টি পদে নিয়োগের জন্য ইতোমধ্যেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
পদোন্নতির মাধ্যমে আরও ৩১ হাজার পদ পূরণ পরিকল্পনা
এছাড়া, সহকারী শিক্ষক পদ থেকে পদোন্নতির মাধ্যমে আরও ৩১ হাজার ৪৫৯টি প্রধান শিক্ষক পদ পূরণের পরিকল্পনা রয়েছে। তবে এটি একটি চলমান সিভিল আপিল মামলার নিষ্পত্তির ওপর নির্ভর করছে। মামলা নিষ্পন্ন হলে এই পদোন্নতি কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

No comments
ধন্যবাদ।