Header Ads

Header ADS

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

 

ভারতের হামলা

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হওয়ার দাবি জেইএমের

পাকিস্তানের বাহাওয়ালপুরে ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতীয় হামলায় জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য এবং তাঁর ৪ ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জেইএম।

নিহতদের মধ্যে রয়েছেন মাসুদ আজহারের বড় বোন ও তাঁর স্বামী, ভাতিজা ও তাঁর স্ত্রী, ভাতিজি এবং পরিবারের পাঁচ শিশু। নিহত ঘনিষ্ঠ সহযোগীদের একজনের মা-ও হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয় বিবৃতিতে।

ঘটনার বিষয়ে ভারত ও পাকিস্তান—উভয় দেশের সরকারি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই ঘটনায় ভারতীয় বাহিনীর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জেইএম নেতা মাসুদ আজহার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসী। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনায় তাঁর নাম উঠে আসে। সেই হামলার পেছনে মাসুদ আজহার ও তাঁর ভাই আবদুর রউফ আসগরের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তুলেছিল ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার আশঙ্কা দেখা দিয়েছিল।

জেইএমের বিবৃতি এমন এক সময় এলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার মধ্যরাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দিল্লির দাবি, এসব হামলা ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে চালানো হয়। তবে পাকিস্তান জানিয়েছে, যেসব স্থানে হামলা হয়েছে সেগুলোর কোনোটি জঙ্গি শিবির ছিল না।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.