শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের অনুসন্ধানে দুদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ মে) এ বিষয়ে সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অনুসন্ধান দলটি শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব এবং তার আয়কর নথি যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য সংগ্রহে কাজ করবে।
এর আগে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার এবং সরকারি প্রকল্পের অর্থ লুটপাটসহ একাধিক অভিযোগে অনুসন্ধান চলছিল। এর মধ্যে পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দসংক্রান্ত মামলায় চার্জশিট গ্রহণ করে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা জমির বরাদ্দসংক্রান্ত অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি পৃথক চার্জশিট দেয় দুদক।
এছাড়া গত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

No comments
ধন্যবাদ।