Header Ads

Header ADS

বাংলাদেশের নতুন সিনেমায় পাওলি

 ফাখরুল আরেফীন খানের প্রথম ছবি ‘ভুবন মাঝি’-তে দেখা গিয়েছিল পশ্চিম বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। এরপর তিনি পশ্চিমবঙ্গের আরেক বরেণ্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে নির্মাণ করেন ‘গণ্ডি’ ও‘জেকে ১৯৭১’ নামের দুটি সিনেমা। এবার নিজের চতুর্থ সিনেমার কাজ শুরু করেছেন ফাখরুল। নাম ‘নীল জোছনা’। এতে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দামকে। পরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি অনুদানের এই সিনেমা নির্মিত হয়েছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। সিনেমার প্রধান নারী চরিত্র ‘লায়লা’র ভূমিকায় দেখা যাবে পাওলিকে। গতকাল বুধবার কলকাতার ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফাখরুল আরেফীন খান। সিনেমায় পাওলির বিপরীতে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্মাতা জানিয়েছেন, পাওলির বিপরীতে দেশের একজন অভিনয়শিল্পীকে তিনি নির্বাচিত করবেন। খুব শিগগির তা চূড়ান্ত করে জানাবেন তিনি।




আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় প্রসঙ্গে পাওলি বলেন, ‘গত বছর নির্মাতা ফাখরুল আরেফিন খান আমার সঙ্গে এই সিনেমা নিয়ে যোগাযোগ করেন। প্রথমে তার কাছে থেকে গল্পটি শুনেছি, যেহেতু তখনো মোশতাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না, এরপর যখন বইটি পড়লাম, তখন দারুণ লাগল। বলা যায়, সিনেমাটির সঙ্গে সেদিন থেকেই জড়িয়ে আছি। যার আনুষ্ঠানিকতা গত বুধবার হয়েছে।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘সত্যি বলতে কি, প্যারালাল ইউনিভার্স নিয়ে বাংলায় কাজ হয়নি বললেই চলে। হলিউডে কিছু কাজ হয়েছে।’


নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ‘“নীল জোছনা” সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ছয় বছর আগে। প্যারাসাইকোলজি নিয়ে আমার ধারণা এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি। আর সে কারণেই যখন আমি মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ি, তখনই চিন্তা করি সিনেমা বানানোর।’


সিনেমায় পাওলি দামের অন্তর্ভুক্তি প্রসঙ্গে ফাখরুল আরেফীন আরও বলেন, ‘আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র “লায়লা”, যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায়, যার কারণে আমরা তাকে এই চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত করি। এরপর পাওলির সঙ্গে যোগাযোগ হয়, তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও আমাদের সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। আশা করছি, আমরা পাওলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারব।’

নির্মাতা জানান, ‘নীল জোছনা’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসের শেষ দিকে, একটানা জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.